প্রায় ১১ মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সোমবার এই মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথমটি। সর্বনিম্ন ১০০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ টিকিটের দাম প্রকাশ করেছে।
মিরপুর টেস্টে মোট পাঁচ ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। শেরেবাংলা স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা আছে গ্যালারির এই অংশে। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে কিনতে হবে ৩০০ টাকার টিকিট। ভিআইপি স্টান্ডে ৫০০। সবচেয়ে বেশি ১০০০ টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে।
বিসিবি জানিয়েছে, টেস্ট শুরুর আগের দিন থেকে টিকিট বিক্রি হবে। টিকিট কেনা যাবে স্টেডিয়ামের ১ নম্বর ফটকের পাশের বুথ থেকে। টিকিট বিক্রি শুরু হবে রোববার সকাল ১০টা থেকে।

0 Comments